হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। গত বুধবার উত্তর হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টে হঠাৎ আগুন লাগে, যা অল্প সময়ের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
দীর্ঘ একদিনের বেশি সময় ধরে জ্বলতে থাকার পর শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর উদ্ধারকাজ শুরু করলে ফায়ার সার্ভিস নিশ্চিত করে যে এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮৯ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। প্রাণ হারানোদের একজন ফায়ার সার্ভিসের কর্মীও।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৯ জন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, আগুন প্রথমে ভবনের নিচতলায় লাগে এবং দ্রুত উপরের অংশে ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কর্মকর্তারা আরও জানান, আগুনের তাপমাত্রা একসময় ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। অতিরিক্ত তাপের কারণে কিছু এলাকায় আগুন নেভানোর পরও পুনরায় প্রজ্বলিত হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








