মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা ও দরজা খোলা রেখে আলো ব্যবহার করতে হবে। পাশাপাশি বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া অফিস চলাকালীন অপ্রয়োজনীয় লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার কথা বলা হয়েছে।
অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং গাড়ির ব্যবহার সীমিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।








