রাজধানীর মনিপুর এলাকায় ভোরে নেতাকর্মীদের নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছেন। তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে করে ময়লা সংগ্রহ করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট এ কর্মসূচিতে সময় দেন তিনি।
ভিডিওতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন–কেও ঝাড়ু হাতে দেখা গেছে।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমরা দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। একটি পরিচ্ছন্ন দেশ গড়তে হলে সবার আগে নিজ নিজ আঙিনা পরিষ্কার করতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। তাই সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা সবার দায়িত্ব।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিনে দুপুরে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন; পরে শপথ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যরা। পাশাপাশি ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।








