ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য ব্যবহার্য হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। তিনি জানান, হেডফোনের সাউন্ড কোয়ালিটি এতটাই নিম্নমানের, ব্যবহার করতে গিয়ে তার কানে ও মাথায় ব্যথা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এই অসন্তোষ প্রকাশ করেন। পোস্টে দেওয়া ছবিতে সংসদে ব্যবহৃত হেডফোনও দেখা যায়। তিনি লিখেছেন, “এই হেডফোনের মান এতটাই ভয়াবহ, ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা হচ্ছে। সাউন্ড কোয়ালিটি এমন নিম্নমানের—সংসদের পুরোনো ডিভাইসের চেয়েও পরিষ্কার অডিও দিতে পারত।”
মীর আহমাদ জানান, সংসদের অধিবেশনে বিভিন্ন ভাষণ বা বক্তব্য স্পষ্টভাবে শোনার জন্য সদস্যদের নির্দিষ্ট হেডফোন ব্যবহার করতে হয়। তবে এবার এই হেডফোনের মান নিয়ে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন একজন সংসদ সদস্য। তার পোস্ট অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জন্ম দিয়েছে।








