গাজা অভিমুখী কনসেন্স নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম এর মুক্তির ব্যাপারে সরকারকে জরুরি সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ আহ্বান জানান।
তিনি বলেন, “আলোকচিত্রী শহিদুল আলমকে ইসরায়েলি বর্বর হানাদাররা ধরে নিয়েছে। এটি আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত, আমাদের নাগরিকদের মর্যাদা ও সন্মানের প্রশ্ন। তাই তার নিরাপত্তা ও মুক্তির ব্যাপারে সরকারকে জরুরি ও সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে।”
মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, “শহিদুল আলম ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করেছেন। তিনি গাজার জনগণের প্রতি আমাদের সম্মিলিত ভালোবাসা বহন করেছেন। তার নিরাপত্তা ও মুক্তি এখন আমাদের জাতীয় সন্মান ও মর্যাদার সঙ্গে যুক্ত। দেশের সন্মান ও মর্যাদার প্রশ্নে যা করার তাই করতে হবে। সরকারকে আশ্বস্ত করতে চাই, জনতা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ।”








