বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অংশ নিতে ঢাকায় আসছেন দেশের ফেডারেল মিনিস্টার ফর প্ল্যানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড স্পেশাল ইনিশিয়েটিভস, প্রফেসর আহসান ইকবাল। এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান।
ফাসিহ উল্লাহ জানান, পাকিস্তান সরকারের পক্ষ থেকে আহসান ইকবালকে এই উচ্চপদস্থ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে তার আগমনের সঠিক সময় এখনও নির্ধারণ হয়নি।
অন্যদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। এর কারণ হলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে ব্যস্ত থাকবেন এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেবেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ইউরোপ সফরের কারণে তাদের পরিবর্তে আহসান ইকবালকে পাঠানো হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধান বা প্রতিনিধিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।








