বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাঁর পরিবর্তে দেশটির গুরুত্বপূর্ণ এক মন্ত্রী ঢাকায় আসতে পারেন বলে নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্কভুক্ত দেশসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও দিল্লিতে নির্ধারিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ ব্যস্ততার কারণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না নরেন্দ্র মোদি। সম্মেলনটিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেবেন এবং সেখানে একাধিক সাইডলাইন বৈঠকেও অংশ নেবেন তিনি।
তবে প্রতিনিধি হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসতে পারেন বলে জানা গেছে। এর আগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে তিনি ঢাকা সফর করেছিলেন।
কূটনৈতিক সূত্র বলছে, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ সার্কভুক্ত দেশগুলো। বিএনপির বিজয়ের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান মোদি এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেন।
গত ২৪ প্রেক্ষাপটে ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্কে কিছুটা টানাপড়েন দেখা দেয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একাধিকবার বিষয়টি গণমাধ্যমে উল্লেখ করেছেন। বিদায়ী ব্রিফিংয়েও তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন প্রচেষ্টা চালালেও ভারতের সঙ্গে সম্পর্ক প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি এবং সম্পর্ক কিছুটা স্থবির রয়েছে। তবে নতুন সরকার দায়িত্ব নিলে সম্পর্ক আরও মসৃণ হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তবে খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর সেই দূরত্ব কিছুটা কমায়। এ প্রেক্ষাপটে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধির অংশগ্রহণ দুই দেশের স্থবির সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








