রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা দীর্ঘদিন ধরেই চলছে এবং এটি নতুন কোনো বিষয় নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দুই দেশের সম্পর্ককে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব হিসেবে উল্লেখ করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সহায়তা পাচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে আরাগচি বলেন, দুই দেশের মধ্যে বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রয়েছে।
তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে আমাদের একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয়ও নয়। অতীতে যেমন ছিল, এখনও রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করছে—এ প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো সামরিক তথ্য নেই। তবে তিনি উল্লেখ করেন, তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী।
সূত্র: আল জাজিরা।








