আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সাবেক সংসদ নির্বাচন প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে রাজধানীতে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রামপুরা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট, এবং তার পরনের টি-শার্ট ছেঁড়া অবস্থায় রয়েছে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলছেন হিরো আলমকে। এ সময় তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ঠিক কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নেমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।








