রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন শাকসবজি। তবে নতুন মৌসুমের সবজি হওয়ায় দাম এখনো বেশ চড়া। যদিও ব্যবসায়ীরা বলছেন, আরও দু-এক সপ্তাহের মধ্যে সরবরাহ বাড়লে সবজির দাম কিছুটা কমে আসবে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো সবজির দাম ১০০ টাকার ওপরে।
বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ টাকায়, টমেটো ১২০ টাকা, গাজর ও শিম ১০০ টাকা, করলা ও বরবটি ৮০ টাকা, বেগুন (গোল) ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা ও লাউ প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮০ টাকা।
এ ছাড়া পটোল কেজিপ্রতি ৬০ টাকা, ছোট ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কচু ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা ও আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ডিমের দাম কিছুটা কমেছে—প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা ও সাদা ডিম ১২০ টাকা। নিষেধাজ্ঞার কারণে বাজারে নেই ইলিশ মাছ, তবে রুই ও কাতলার দাম স্থিতিশীল রয়েছে। টেংরা ও পাবদার মতো মাছের দাম কিছুটা বেড়েছে।
মুরগির বাজার আগের মতোই রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা, লাল লেয়ার ৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৭৬০-৮০০ টাকা, খাসির ১২০০ টাকা ও ছাগলের মাংস ১১০০ টাকায় অপরিবর্তিত রয়েছে।
বাজারে আসা ক্রেতারা বলছেন, একসঙ্গে সব পণ্যের দাম বেশি থাকায় মাসিক খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। তবে বিক্রেতারা আশাবাদী—আগামী সপ্তাহ থেকে শীতের সবজির সরবরাহ বাড়লে বাজারের দাম কিছুটা কমে যাবে।








