রংপুর চিড়িয়াখানার শিশু পার্কে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুটির পরিবার হাসপাতালে মরদেহ নেয়ার পর নাম-পরিচয় নথিভুক্ত না করায় শিশুর তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।
চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. ওমর আলী জানান, নিহত শিশুটি লালমনিরহাট জেলার এবং বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছে। শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।
চিড়িয়াখানার ঠিকাদার সোহরাব হোসেন বলেন, ‘দুপুর ১টার দিকে শিশু পার্কের মিনি ট্রেন চলছিল। এ সময় শিশু হঠাৎ ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়। শিশুর বাবা-মা খেয়াল না রাখায় দুর্ঘটনা ঘটে। আমরা শিশুকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তারা কোনো তথ্য না দিয়ে চলে যায়।’ তিনি আরও জানান, মিনি ট্রেনটি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন করার পর পুনরায় চালু করা হবে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, তবে শিশুর পরিবার মরদেহ নিয়ে চলে যাওয়ায় পরিচয় নিশ্চিত করা যায়নি।’
রমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সায়েদা খাতুন শরীফা জানান, শিশুর মৃত্যু আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি। প্রাথমিক চিকিৎসার জন্য শিশুকে এনওসি কাগজসহ পাঠানো হয়েছিল, পরে মৃত হওয়ার খবরে জানা যায়, কিন্তু পরিবার ডেথ সার্টিফিকেট না নিয়ে চলে যায়।
এই দুর্ঘটনা শিশু পার্কে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব ও অভিভাবকদের সতর্ক থাকার প্রয়োজনকে আরও জোরালোভাবে তুলে ধরেছে।








