গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত এক মাসে কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র রিকার্ডো পিরেস এই তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় এক নবজাতক কন্যাশিশু নিহত হয়েছে। এর আগের দিন বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও সাত শিশু মারা যায়। পিরেস বলেন, “আমরা বহুবার বলেছি—এগুলো কেবল সংখ্যা নয়। প্রতিটি শিশুর ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন, যা সহিংসতায় মুহূর্তেই নিভে গেছে।”
ইউনিসেফের হিসেবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৪ হাজার শিশু নিহত ও আহত হয়েছে।
সূত্র: আল জাজিরা








