কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না।’
এই বক্তব্যটি আসে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে। আসনটিতে বিএনপি আনুষ্ঠানিকভাবে জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
প্রথম আলোর কাছে বক্তব্যের সত্যতা স্বীকার করে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, এটি ছিল ‘কথার কথা’। তাঁর দাবি, প্রচারণার শেষ রাতে অতিরিক্ত ক্লান্তি ও অবসাদের কারণে তিনি এমন কথা বলে ফেলেছেন। বিষয়টি নিয়ে কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দিবাগত মধ্যরাতে দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেওয়া ৫৩ সেকেন্ডের ভিডিওটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেন।
ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে হ্যান্ডমাইকে বলতে শোনা যায়, অন্য দলে ভোট দিলে অপমানের শোধ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন এবং প্রকাশ্যে ভিডিও ছড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ দেন। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, এই বক্তব্যে দল বিব্রত। এটি সম্পূর্ণভাবে মঞ্জুরুল আহসান মুন্সীর ব্যক্তিগত মন্তব্য, এর দায় দল নেবে না।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে আপিলে প্রার্থিতা হারান মঞ্জুরুল আহসান মুন্সী। হাইকোর্ট ও আপিল বিভাগেও তিনি প্রার্থিতা ফিরে পাননি। ফলে জোটের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এখন গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দিচ্ছে।








