চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালেই উপজেলার হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে এ ঘটনা ধরা পড়ে। পাইপলাইন থেকে তেল উপচে সড়কে পড়লে স্থানীয়দের নজরে আসে বিষয়টি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, এক মাস আগে পাইপলাইনটির ওপর টিনশেড ঘর নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা মো. আফসার। পরে তিনি ওই ঘর ভাড়া দেন খুলনার সোনাডাঙ্গার নাসির উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের কাছে। ঘর ভাড়া নিয়ে আমিরুল মাটি খুঁড়ে বিপিসির পাইপলাইনে ফুটো করে তেল চুরির চেষ্টা শুরু করেন। তবে আজ সকালে ছিদ্র দিয়ে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হওয়া শুরু হলে তিনি সরে পড়ে।
এ সময় তেল আশপাশে ছড়িয়ে পড়ায় স্থানীয়রা বালতি ও মগসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তেল সংগ্রহ করতে থাকে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। পরে বিপিসির কর্মকর্তারা এসে তেল সরবরাহ বন্ধ করে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের জানান, হাদি ফকিরহাট এলাকায় মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির পাইপলাইন ফুটো করে তেল চুরির চেষ্টা করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে কয়েকটি ড্রাম তেল, একটি ড্রিল মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিপিসির এক কর্মকর্তা বলেন, পাইপলাইনের ক্ষয়ক্ষতি ও চুরি হওয়া তেলের পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মিরসরাই থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিপিসির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ঘরের মালিক মো. আফসারের স্ত্রী নুরজাহান বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।








