রাজধানীর মিরপুরে আবারও ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। মিরপুর-১২ নম্বর কালশী রোডের দেশ পলিটেকনিক কলেজের পাশে অবস্থিত বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে আগুন লাগে।
রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ভবনের ছয়তলায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই ধোঁয়ায় এলাকা ঢেকে যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও দুটি ইউনিট যোগ দেয়, ফলে মোট ছয়টি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের উৎস ভবনের ছয়তলায়, যেখানে বিয়ের অনুষ্ঠান বা সামাজিক আয়োজন চলত। ভবনের ভেতরে তখন কেউ আটকা পড়েছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, “আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আশেপাশের ভবনের লোকজনও আতঙ্কে বেরিয়ে আসে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সব ইউনিট সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।








