ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিলেও এ সিদ্ধান্ত সম্পর্কে বিসিসিআইয়ের সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই কিছু জানতেন না। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বোর্ডের সদস্যদের মধ্যে কোনো ধরনের আলোচনা ছাড়াই একেবারে শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও এ বিষয়ে কোনো পরামর্শ করা হয়নি। আইপিএলের সঙ্গে যুক্ত বিসিসিআইয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, “আমরা মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি কেবল মিডিয়া থেকেই জেনেছি। এ নিয়ে বোর্ডে কোনো বৈঠক হয়নি, আমাদের কাছ থেকে কোনো মতামতও নেওয়া হয়নি।”
এ সংক্রান্ত প্রশ্নে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে গত ৩ জানুয়ারি গুয়াহাটিতে ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে সাইকিয়া বলেন, “সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি চাইলে খেলোয়াড় বদলানোর অনুমতিও দেবে বোর্ড।”
মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাপ্রবাহের পর নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য ভেন্যুতে আয়োজনের জন্য আইসিসিকে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে বিসিবি।
চলতি বছরের আইপিএল নিলামে মোস্তাফিজকে নিয়ে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপি দামে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এটিই আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়ার রেকর্ড। বিসিসিআইয়ের বিশেষ অনুরোধেই বিসিবি তাকে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমান সূচি অনুযায়ী টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত রয়েছে। তবে বিসিবির অনুরোধের পর এ সূচিতে পরিবর্তন আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।








