ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির হয়ে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার (৫ জানুয়ারি) ফেডারেল বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। একই অবস্থান ব্যক্ত করেন তাঁর স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস।
শুনানিকালে বিচারক দম্পতিকে কনস্যুলার সহায়তার অধিকার সম্পর্কে অবহিত করলে দুজনই কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। তবে এ পর্যায়ে তাঁরা কেউই জামিনের আবেদন করেননি।
মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলা এক কথিত ‘মাদক-সন্ত্রাসী’ ষড়যন্ত্রসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, তিনি রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচার কার্যক্রমে সহযোগিতা করেছেন।
মার্কিন অভিযানের মাধ্যমে শনিবার রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিউইয়র্কে আনা হয়। বর্তমানে তাঁরা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।
আদালতে দেওয়া বক্তব্যে মাদুরো দাবি করেন, তাঁকে জোরপূর্বক অপহরণ করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। বিচারক এই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি








