ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস (২৭) হত্যাকাণ্ডের মামলায় আরও দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন নিবির ইসলাম ওরফে অনিক (২০) এবং মো. এরশাদ (২৭)। নিবির ইসলাম ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের বাসিন্দা এবং এরশাদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নেহারা জয়পুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত মঙ্গলবার নিবির ইসলাম এবং বুধবার সন্ধ্যায় মো. এরশাদকে গ্রেপ্তার করা হয়। নিবির ইসলামকে সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার এবং এরশাদকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছিল।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, আদালত উভয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে একই মামলায় আরও ১৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছিল।
গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নিহত দীপু চন্দ্র দাসের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে। এ ঘটনায় তাঁর ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।








