মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২–এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের তিনটি এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ২১৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আতঙ্কজনিত কারণে আরও ১৩ জন চিকিৎসা নিয়েছেন।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর তথ্য উদ্ধৃত করে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত রাতে ইরাকে একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হয়ে চার মার্কিন সেনা নিহত হয়েছেন। এর ফলে চলমান সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
সংঘাতের পরিস্থিতি কতদিন স্থায়ী হতে পারে, সে বিষয়ে মিশ্র বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, “পাগল বদমাশদের সতর্ক থাকা উচিত।”
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল।








