আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুরসহ আশপাশের এলাকায় ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এর প্রভাবে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অতিরিক্ত যাত্রী চাপ ও যানবাহনের ধীরগতির কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে পড়ছেন উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকেই সাভার-আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও শ্রীপুর এলাকার সড়ক ও মহাসড়কে যানজট শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে হেমায়েতপুর, আশুলিয়া, বিশমাইল, নবীনগর, বাইপাইল, টঙ্গী ও শ্রীপুরের বিভিন্ন বাসস্ট্যান্ডে শ্রমিকদের দীর্ঘ সারি। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। নির্বাচনী ছুটি উপলক্ষে এই যাত্রা ঈদের সময়ের ভিড়ের সঙ্গে তুলনীয় হয়ে উঠেছে।
যাত্রীরা অভিযোগ করেছেন, অতিরিক্ত যাত্রী চাপের সুযোগে কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে। তবে ভোটের আগে পরিবার-পরিজনের কাছে পৌঁছানোর তাগিদে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন তারা।
একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক শিল্পাঞ্চল ছাড়ায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাইপাইল-চন্দ্রা, টঙ্গী স্টেশন রোড ও শ্রীপুর সংযোগ সড়কে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ ও পণ্যবাহী যানচালকেরাও।
যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।
সংশ্লিষ্টদের আশঙ্কা, ছুটির শেষ দিনগুলোতে সমন্বিত ব্যবস্থাপনা না থাকলে শিল্পাঞ্চলকেন্দ্রিক সড়কগুলোতে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।








