বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা চালু আছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা প্রক্রিয়া আবারও স্বাভাবিক করা হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে সপ্তমী পূজার অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় হাইকমিশনার। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ থেকে ভারতে যেতে বর্তমানে মেডিকেল ভিসা চালু রয়েছে এবং আমরা প্রচুর পরিমাণে তা প্রদান করছি। পরিস্থিতি উন্নত হলে অন্য সব ভিসাও নিয়মিতভাবে দেওয়া শুরু হবে।”
এর আগে প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি ও ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী তাকে স্বাগত জানান। পরে তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা–চক্রে অংশ নেন এবং বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
ভারতীয় হাইকমিশনারের এই মন্তব্যে বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহীদের ভিসা প্রক্রিয়া চালু থাকায় অনেকেই উপকৃত হচ্ছেন। তবে সাধারণ ভিসা চালু হলে শিক্ষা, বাণিজ্য, পর্যটন ও পারিবারিক উদ্দেশ্যে ভারত যাতায়াত সহজতর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।








