Editorial News 24

ভারতের সদস্যপদ স্থগিতের দাবি রশিদ লতিফের, এশিয়া কাপ পুরস্কার বিতরণী বিতর্কে উত্তাল ক্রিকেটপাড়া

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ভারতের সদস্যপদ স্থগিতের দাবি রশিদ লতিফের, এশিয়া কাপ পুরস্কার বিতরণী বিতর্কে উত্তাল ক্রিকেটপাড়া l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে মাঠের লড়াই শেষ হলেও ফাইনালের পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে দেখা দেয় বড় ধরনের জটিলতা। এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় খেলোয়াড়রা। এই ঘটনার তীব্র সমালোচনা করে ভারতের সদস্যপদ স্থগিতের দাবি তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতীয় ব্যাটার তিলক ভার্মা ও শিভম দুবের দুর্দান্ত ইনিংসে জয় পায় ভারত। কিন্তু ম্যাচশেষে ট্রফি গ্রহণে অস্বীকৃতির ঘটনায় অনুষ্ঠান প্রায় এক ঘণ্টা বিলম্বে শুরু হয়। রানার্সআপ পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে প্রাইজমানি তুলে দিয়ে নাকভি ও অতিথিরা বিদায় নেন। এরপর ভারতীয় দল ট্রফি ছাড়াই নিজেদের মতো করে উদযাপন করে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ এক্সে পোস্ট দিয়ে লিখেছেন, “এশিয়া কাপ ট্রফি ও পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়ে ভারত আসলে এমন কাজ করেছে, যার জন্য স্থগিতাদেশ দেওয়া উচিত। অন্য কোনো খেলায় হলে এটি শাস্তিযোগ্য অপরাধ হতো।” তিনি আরও অভিযোগ করেন, আইসিসির শীর্ষ কর্মকর্তাদের বেশিরভাগ ভারতীয় হওয়ায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নেই।

এই ঘটনাকে তিনি ‘ক্রিকেটের জন্য কদর্য দিন’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ভারত ভদ্রলোকের খেলায় মূল্যবোধ ও চেতনাকে ভঙ্গ করেছে। ক্রিকেটের নৈতিকতা রক্ষায় কঠোর জবাবদিহিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ব্যক্তিগত পুরস্কারগুলো বিতরণ করা হয়, যেখানে ভারতের কুলদীপ যাদব, শিভম দুবে ও তিলক ভার্মা সম্মাননা পান। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা রানার্সআপের প্রাইজমানি নেন। কুলদীপ যাদব টুর্নামেন্ট সেরা বোলার এবং অভিষেক শর্মা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হলেও বিজয়ী ভারতীয় দল ট্রফি ছাড়াই মাঠ ছাড়ে। উপস্থাপক সাইমন ডুল অনুষ্ঠানের শেষ ঘোষণা দিয়ে জানান, “ভারতীয় ক্রিকেট দল আজ রাতে তাদের পুরস্কার সংগ্রহ করবে না।”

সূত্র জানিয়েছে, ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের নির্দেশেই সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি। অন্যদিকে এসিসি সভাপতি নাকভিও নিজের অবস্থান থেকে সরেননি। ফলে ক্রিকেট ইতিহাসে এক নজিরবিহীন সমাপনী অনুষ্ঠানের সাক্ষী হলো এশিয়া কাপ ২০২৫।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন