এশিয়া কাপে সুপার ফোরের লড়াই জমে উঠেছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথ উজ্জ্বল করেছে বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচেই সমান গুরুত্বপূর্ণ পরীক্ষা অপেক্ষা করছে টাইগারদের সামনে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামীকাল (২৪ সেপ্টেম্বর), যেখানে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
ভারত টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে শক্তিশালী এই দলকে হারানো সহজ নয়। ইতিমধ্যেই পাকিস্তানকে দুবার হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে তারা। তবুও বাংলাদেশের কোচ ফিল সিমন্স বিশ্বাস রাখছেন—যে কোনো দল চাইলে ভারতকে হারাতে পারে, আর টাইগাররাও এর ব্যতিক্রম নয়।
সোমবার সংবাদমাধ্যমে সিমন্স বলেন, “প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। সবকিছু নির্ভর করছে সেদিনের খেলার উপর। অতীতে ভারত কী করেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বুধবারে তারা কেমন খেলে সেটাই আসল। আমরা চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে, একইসাথে ভারতকে ভুল করতে বাধ্য করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “ক্রিকেটে সুযোগ এলে সেটি কাজে লাগাতেই হবে। ক্যাচ, রান আউট বা স্টাম্পিং—যে কোনো ছোট সুযোগ হাতছাড়া করলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে। তাই খেলোয়াড়দের সতর্ক থাকতে হবে।”
সিমন্সের মতে, আত্মবিশ্বাসই হতে পারে বড় অস্ত্র। “আমাদের ভেতরে বিশ্বাস আছে যে ভারতের বিপক্ষে জয় সম্ভব। যদি ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারি, তবে সেটি ধরে রাখতে হবে। সুযোগ এলে তা কাজে লাগাতে হবে।”
ভারতের বিপক্ষে এই ম্যাচের পরদিনই (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে জায়গা করে নিতে হলে দুই ম্যাচের যেকোনো একটিতে জয় প্রয়োজন লাল-সবুজদের। সমর্থকরা এখন অপেক্ষায়—সুপার ফোরে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টাইগাররা কতটা লড়াই করতে পারে।








