সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার এলাকায় একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে এই ঘটনার পর শহরের আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের একটি কামিকাজে ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার সময় তার ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়ে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে বিস্ফোরণের স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ভিডিওর পেছনে দুবাইয়ের বিখ্যাত ভবন বুর্জ খলিফাও দেখা যায়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটি প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষ একটি ভবনের বাইরের অংশে পড়ে সামান্য ক্ষয়ক্ষতি করেছে।
দুবাই কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একটি লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে ধ্বংসাবশেষ পড়ে একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষতি হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আর্থিক প্রতিষ্ঠানের ওপর ইরানের হামলার হুমকির পর দুবাইয়ের কয়েকটি ব্যাংক তাদের কর্মীদের অফিস খালি করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনার পর পুরো অঞ্চলজুড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র : দ্য সান








