সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে নতুন করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারা সংযোজন করা হয়েছে। একইসঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই শাহজাহান সিরাজ সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৯৫(ক) ধারা সংযোজনের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।
তবে জামিন চেয়ে আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে বুধবার (২২ অক্টোবর) শ্রীশান্তকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, শ্রীশান্ত রায় বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থানকালে ‘উইকলি সার্ভিস ৯২৩’ নামের ছদ্মনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ও মুসলিম নারী নিয়ে আপত্তিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। দীর্ঘ তদন্তে আইডির প্রকৃত ব্যবহারকারী হিসেবে শ্রীশান্তকে শনাক্ত করা হয়। পরে বুয়েটের নিরাপত্তাকর্মী আফগান হোসেন বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন।








