তহবিল বিল পাসে ব্যর্থ হওয়ায় ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে সরকারি শাটডাউন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে কার্যকর হওয়া এ শাটডাউনে দেশটির ফেডারেল সরকারের অনেক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। লাখো কর্মী এখন অবৈতনিক ছুটিতে থাকবেন, আর বহু সরকারি কর্মসূচি ও সেবাদান কার্যক্রম স্থগিত থাকবে।
২০২৫ অর্থবছরের মেয়াদ শেষ হয়ে যায় মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটে। এর ফলে অপ্রয়োজনীয় খাতগুলো বন্ধ হলেও সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলসহ জরুরি খাতগুলো চালু থাকবে। তবে এসব খাতের কর্মীরা আপাতত কোনো বেতন পাচ্ছেন না।
সিনেটে বাজেট বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলছিল। রিপাবলিকানরা অস্থায়ীভাবে আরও সাত সপ্তাহের জন্য তহবিল বাড়ানোর প্রস্তাব দিলেও ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা সম্প্রসারণের শর্ত না থাকায় তা নাকচ করেন। মঙ্গলবার রাতে রিপাবলিকানদের প্রস্তাব ৫৫-৪৫ ভোটে ব্যর্থ হয় এবং ডেমোক্র্যাটদের প্রস্তাবও ৪৭-৫৩ ভোটে টিকে থাকতে পারেনি।
হিন্দুস্তান টাইমস জানায়, ২১ নভেম্বর পর্যন্ত অর্থায়ন চালু রাখতে রিপাবলিকানদের তৈরি স্বল্পমেয়াদী বিলও পাস করতে ব্যর্থ হওয়ায় দেশটি এই সংকটে পড়েছে। অন্যদিকে সিএনএন বলছে, প্রতিটি শাটডাউন ভিন্ন হলেও জরুরি ও জীবনরক্ষাকারী কার্যক্রমগুলো সাধারণত চালু থাকে।
এই পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।








