বাগেরহাটে খুলনা–বাগেরহাট মহাসড়কে বাসচাপায় শামীম তালুকদার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী ঠিকাদার নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে দশানী পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম তালুকদার বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিয়ার তালুকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী শামীম তালুকদারকে পিছন দিক থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।”
স্থানীয়রা জানান, মহাসড়কে অতিরিক্ত গতিতে চলাচল এবং ওভারটেকিং প্রতিযোগিতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘন ঘন ঘটছে। এলাকাবাসী দুর্ঘটনা রোধে গতিনিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।








