রাজধানীর বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করেছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। তারা অভিযোগ করেছেন, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত হচ্ছে এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশে বঞ্চনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে বাংলামোটরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা জানান, তাদের এই প্রতিবাদ মূলত নিয়োগ প্রক্রিয়ার বিলম্ব এবং প্রার্থীদের অধিকার রক্ষার দাবিতে করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে তারা অবস্থান ও বিক্ষোভ করেছেন। তখন তাদের মূল দাবি ছিল পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা দ্রুত প্রকাশ করা এবং অধিযাচিত শূন্য পদে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের দ্রুততম সময়ে সুপারিশ প্রদান করা।
আন্দোলনকারীরা দুই দফা দাবি জানিয়েছেন:
১. ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করা।
২. জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেরিত শূন্য পদসমূহে দ্রুততম সময়ে প্রার্থীদের সুপারিশ করা।








