ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন—জাতীয় দলে কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয় না; বরং সব সিদ্ধান্তই আলোচনার মাধ্যমে যৌথভাবে নেওয়া হয়।
মিরাজ বলেন, “অনেকে মনে করেন, হয়তো ক্যাপ্টেন আর সালাউদ্দিন স্যার সবকিছু সিদ্ধান্ত নেন—আসলে বিষয়টা তেমন না। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সবাই মিলে আলোচনা করি। হেড কোচ ফিল সিমন্স প্রাথমিক পরিকল্পনা দেন, তারপর সালাউদ্দিন স্যার ও আমি একসঙ্গে সেটা নিয়ে কথা বলি। কেউ একা কিছু ঠিক করেন না, দলীয়ভাবে আলাপ করেই সিদ্ধান্ত নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “অনেক সময় কোচের সঙ্গে মতবিরোধও হয়, কিন্তু সেখানেই দলীয় বোঝাপড়া গড়ে ওঠে। এটি আসলে একসঙ্গে কাজ করারই অংশ।”
স্কোয়াড নির্বাচনের প্রসঙ্গে মিরাজ জানান, “ওয়ানডে দলে আপাতদৃষ্টিতে ১৫ জন মনে হলেও বাস্তবে আমাদের পরিকল্পনায় ২৫-২৭ জন খেলোয়াড় আছে। তাদের সবাইকে ধীরে ধীরে সুযোগ দেওয়া হচ্ছে। বিশ্বকাপের আগে আমরা দেখতে চাই—কোন খেলোয়াড় কোন পজিশনে ভালো করছে। সবশেষে পারফরম্যান্সই আসল বিষয়।”
তিনি উদাহরণ হিসেবে বলেন, “যেমন সৌম্য সরকার আগের দুই সিরিজে ছিলেন না, এবার সুযোগ পেয়েছেন। এভাবেই বোর্ড ও কোচিং স্টাফ তরুণদের যাচাই-বাছাই করছেন।”
মিরপুরের উইকেট নিয়ে মন্তব্য করতে গিয়ে মিরাজ বলেন, “আমি এখানেই অভিষেক করেছি, তাই উইকেট সম্পর্কে ধারণা আছে। আগের তুলনায় এখন ঘাস কিছুটা কমেছে, এতে বল স্কিড করে না, তবে বড় কোনো পার্থক্য নেই।”








