বগুড়ায় জেলা জজ আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক এবং কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান। বর্তমানে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় আদালতের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে। আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। সেই সময় ভিড়ের মধ্যে কৌশলে পালিয়ে যান আসামি রফিকুল ইসলাম। তিনি বগুড়ার আলোচিত জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি।
আসামি পালানোর এই ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় এমন বড়সড় গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এদিকে পুলিশ প্রশাসন জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারে ইতোমধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণেই সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।








