ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিএনপির দুই পক্ষের সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এই ধারা কার্যকর হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি পৌর সদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
অপরদিকে বিকেল ৩টায় আলফাডাঙ্গা পৌর সদরের আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি রোধ করতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধারা জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, “জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য আলফাডাঙ্গা উপজেলার পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকায় শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা কার্যকর করা হলো।”
এ সময় উল্লিখিত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র বহন, এছাড়াও পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।








