জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে চলমান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশ শিক্ষকদের সরানোর পর প্রেস ক্লাব ও পল্টন এলাকা থেকে কদম ফোয়ারামুখী রাস্তা উন্মুক্ত হয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করলে শিক্ষকরা শহীদ মিনারের দিকে সরতে শুরু করেন। কিছুক্ষণ পর শিক্ষকরা আবারও সেখানে জড়ো হন। শিক্ষকদের নেতারা মাইকের মাধ্যমে সবাইকে শান্তি বজায় রেখে একত্রিত থাকার নির্দেশ দেন।
দুপুরে আন্দোলনরত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যান। তারা অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন: অধ্যক্ষ মাঈন উদ্দিন (আহ্বায়ক), অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী (সদস্য সচিব), মো. রফিকুল ইসলাম (যুগ্ম সদস্য সচিব), মো. আবু তালেব সোহাগ (যুগ্ম সদস্য সচিব), নুরুল আমিন হেলালী (যুগ্ম আহ্বায়ক), আশরাফুজ্জামান হানিফ (যুগ্ম সদস্য সচিব), অধ্যক্ষ আলাউদ্দিন (যুগ্ম সদস্য সচিব), তোফায়েল সরকার (যুগ্ম সদস্য সচিব), শান্ত ইসলাম (যুগ্ম সদস্য সচিব), হাবিবুল্লাহ রাজু (যুগ্ম আহ্বায়ক), প্রকৌশলী আবুল বাশার (যুগ্ম সদস্য সচিব), মোহাম্মদ মিজানুর রহমান (যুগ্ম আহ্বায়ক) এবং আজিজুর রহমান আজম।
সংগঠনটি এর আগে ১৩ আগস্টও একই দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ সর্বজনীন বদলির দাবি জানিয়েছিলেন। ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনও অনুষ্ঠিত হয়েছিল।








