নরসিংদীতে দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, “পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা। জনগণের কল্যাণে আমাদের কাজ প্রায় একইরকম। তাই নরসিংদীতে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করবে।”
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার আরও জানান, গেলো কয়েকদিনে জেলায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর ঘটনায় ইতিমধ্যেই ৬টি মামলা হয়েছে এবং প্রায় সব মামলার আসামিকেই গ্রেফতার করা হয়েছে। শিবপুরে চাচাতো ভাই কর্তৃক সংঘটিত জোড়া খুনের আসামিকেও ২৪ ঘণ্টার মধ্যে আটক করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে জন্য আমরা টহল ও নজরদারি বাড়িয়েছি। চুরি, ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। জনগণের সঙ্গে কথা বলে সমস্যাগুলো চিহ্নিত করছি এবং সমাধানের চেষ্টা করছি।”
পুলিশ সুপার আরও জানান, শান্তিপূর্ণ নরসিংদী গড়তে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, মাখন দাস, আব্দুল রহমানসহ জেলার গণমাধ্যমকর্মীরা।








