ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে বছরের শাসনামলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি ১১টি শিল্প গ্রুপের পাচারকৃত অর্থ উদ্ধারে ৭টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার সংস্থা ও ল-ফার্মের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) চুক্তি করতে হবে।
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। পাচারকৃত অর্থ উদ্ধারে গঠিত টাস্কফোর্স ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় করবে।
অর্থ পাচারের অভিযোগে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট, তাদের মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন, জেমকন, নাবিল, সামিটসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।








