টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের জায়গায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবার বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে ধারাবাহিক বৈঠকও শুরু করেছে বোর্ড।
যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী শুক্রবার অথবা সোমবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
এই অবস্থায় পাকিস্তান ক্রিকেটে কার্যত ‘গৃহযুদ্ধ’ শুরু হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। পিসিবির সম্ভাব্য বয়কট সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন দেশটির একাধিক সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তা। তারা বোর্ডকে সতর্ক করে বলেছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি গভীরভাবে ভাবা প্রয়োজন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ হাফিজ স্পষ্টভাবে বিশ্বকাপে দল পাঠানোর পক্ষে মত দিয়েছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ ও সাবেক সচিব আরিফ আলি আব্বাসিও বয়কটের যুক্তি খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন। আরিফ আলি আব্বাসি বলেন,
‘বাংলাদেশকে সমর্থন করার বিষয়টি আমি বুঝতে পারছি। কিন্তু তার ভিত্তিতে বিশ্বকাপে দল না পাঠানো হলে আইসিসির সঙ্গে সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি আরও বলেন, পাকিস্তান বিশ্বকাপে দল না পাঠালে আয়োজক দেশ শ্রীলঙ্কাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার মাহমুদের মতে, বাংলাদেশকে এই সিদ্ধান্তে একমাত্র পাকিস্তানই সমর্থন করেছে, অন্য কোনো বোর্ড এগিয়ে আসেনি। একই সুর শোনা গেছে সাবেক নির্বাচক ও টেস্ট ক্রিকেটার মহসিন খানের কণ্ঠে। তিনি বলেন,
‘ভারতের সঙ্গে আমাদের সমস্যা আছে বলেই আমরা শ্রীলঙ্কায় ম্যাচ খেলছি। তাহলে বিশ্বকাপে দল না পাঠানোর যুক্তি কোথায়? এটা ক্রিকেটের জন্য ভালো কিছু নয়।’
এ ছাড়া সাবেক অধিনায়ক ইনজামাম উল হক ও মোহাম্মদ ইউসুফও পিসিবিকে বিশ্বকাপে দল পাঠানোর পরামর্শ দিয়েছেন।
সব মিলিয়ে বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তান ক্রিকেট গভীরভাবে বিভক্ত। এখন পাকিস্তান সরকার ও পিসিবি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব।








