ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র থেকে প্রশিক্ষিত ও সক্রিয় পর্যবেক্ষকেরা এই মিশনে অংশ নিয়েছেন। পাশাপাশি নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার মতো অংশীদার দেশগুলোর প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সব পর্যবেক্ষক নিরপেক্ষতা, নির্ভুলতা ও পারস্পরিক সম্মানের নীতিতে কাজ করবেন।
ইভারস আইজাবস জানান, ঢাকায় অবস্থানরত ইইউ টিম সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ের পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখবে। একই সঙ্গে মূল বিশেষজ্ঞ দল দেশের বিভিন্ন স্থানে মোতায়েন পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় করবে।
একটি ঐতিহাসিক নির্বাচন পর্যবেক্ষণের সুযোগকে আনন্দের বিষয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় পর গণতন্ত্রে প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া, রাজনৈতিক অঙ্গীকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি তারা গভীর আগ্রহ নিয়ে দেখছেন। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ ইইউ–বাংলাদেশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র, রাজনৈতিক জবাবদিহি ও আইনের শাসন—এই মূল্যবোধই ইউরোপ ও বাংলাদেশের জনগণকে একসূত্রে বেঁধে রেখেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি একটি ভালো, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন।
ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, প্রার্থী ও বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সামগ্রিকভাবে একটি আশাবাদী মনোভাব লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, এই নির্বাচন বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসে গণতন্ত্রভিত্তিক একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।
নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করে ইইউ প্রধান বলেন, পর্যবেক্ষণই তাদের মূল দায়িত্ব। তারা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়াতে বা নির্দেশনা দিতে আসেননি, বরং কেবল নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ ও যাচাই করতেই উপস্থিত হয়েছেন।
নির্বাচন শেষে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, এতে বিভিন্ন বিষয়ে সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে, যা বর্তমানে বিশ্বব্যাপী গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ।








