নওগাঁয় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে নিপা ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। গত ২৮ জানুয়ারি ওই নারী মারা গেলেও শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা।
নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নিহত নারীটির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। গত ২১ জানুয়ারি থেকে তিনি তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ জানুয়ারি তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সেদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার গলা থেকে শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হলে নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। পরদিন ২৮ জানুয়ারি তিনি মারা যান।
নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম বলেন, আইইডিসিআর আজ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে। তবে এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। লিখিতভাবে জানানো হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তিনি জানান, আক্রান্ত নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণ ইতিহাস পাওয়া যায়নি। তবে অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন বলে জানা গেছে। তার বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিভিল সার্জন আরও জানান, নিপা ভাইরাসের প্রধান বাহক ‘টেরোপাস’ প্রজাতির ফলভুক বাদুড়। শীতকালে বাদুড় খেজুরের রস সংগ্রহের হাঁড়িতে লালা বা মলমূত্র ত্যাগ করলে সেই রসে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ওই কাঁচা রস পান করলে মানুষের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
উল্লেখ্য, দেশে নিপা ভাইরাসে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছিল গত বছরের আগস্ট মাসে। গত বছর এই ভাইরাসে মোট চারজনের মৃত্যু হয়।








