যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই আক্রমণ আখতার হোসেনকে দুর্বল করবে না, বরং তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে।”
তিনি আরও লিখেছেন, “আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। এটি কেবল আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, বরং তার রাজনৈতিক অবস্থান ও দলের আদর্শের কারণে সংঘটিত হয়েছে।”
তাসনিম জারা অভিযোগ করে বলেন, “এই ঘটনা প্রমাণ করে, পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমরা ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি, আর এই হামলা সেই প্রতিরোধকেই আরও দৃঢ় করবে।”
এদিকে স্থানীয় সময় সোমবার দুপুরে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা, বিএনপি ও এনসিপি নেতারা। এমিরেটসের ফ্লাইট থেকে নামার পরপরই আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী তাদের ঘিরে স্লোগান দেন এবং ডিম নিক্ষেপ করেন। এনসিপি যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, “শেখ হাসিনার গুলি-বুলেটকে ভয় পাইনি, কয়েকটা ভাঙা ডিমে কিছুই আসে যায় না। আওয়ামী লীগের প্রকৃত চরিত্র আবারও প্রকাশ পেয়েছে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সফরসঙ্গীরা তখন উপস্থিত ছিলেন। পরে পুলিশের সহযোগিতায় নিরাপদে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।








