নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ছয় শ্রমিক। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এম এস ড্রাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার বয়লার রুমে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)। তারা সবাই বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন, এবং তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানার নিচতলায় বয়লার রুমে কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। শ্রমিকরা আগুনে দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “দগ্ধ ছয়জনকেই জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন মাত্রায় পোড়া ক্ষত রয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন থেকে গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে।








