বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নতুন নামে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত জাতীয় বার্ষিক সভায় এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত নেতারা নতুন নাম ঘোষণাকে স্বাগত জানিয়ে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামের স্লোগানও দেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয়। তবে ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে হতাশাজনক ফলাফলের পর প্রতিষ্ঠার আট মাসের মাথায় সংগঠনটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নেতৃত্ব।








