নাটোর সদর উপজেলার হাতিমাড়া এলাকায় একটি পুকুর থেকে সুজন কুন্ডু (৩০) নামের এক যুবকের মরদেহ ও তার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে দয়রামপুর সড়কের হাতিমাড়া সংলগ্ন ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুজন নাটোরের লালপুর উপজেলার ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং সুনিল কুন্ডুর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, দুপুরে স্থানীয়রা রাস্তার পাশে পুকুরে ভেসে থাকা হেলমেট দেখে পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তল্লাশি চালিয়ে সুজনের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে।
ওসি আরও বলেন, সকালে সুজন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে এক আত্মীয়কে নাটোর রেলস্টেশনে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে হাতিমাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।








