নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) লক্ষ্য করে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, বড়দিনের দিন মার্কিন সামরিক বাহিনী আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘নিখুঁত ও সফল’ হামলা পরিচালনা করেছে। তবে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বার্তায় ট্রাম্প সতর্ক করে বলেন, জঙ্গিরা যদি খ্রিস্টানদের হত্যাকাণ্ড অব্যাহত রাখে, তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি লেখেন, আগেই এসব সন্ত্রাসীকে সতর্ক করা হয়েছিল। খ্রিস্টানদের হত্যা বন্ধ না করলে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) জানায়, নাইজেরিয়ান সরকারের অনুরোধে এই অভিযান চালানো হয়। এতে একাধিক আইএস সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
পেন্টাগনের প্রধান পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সফলভাবে অভিযান পরিচালনার প্রস্তুতির জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রশংসা করেন। একই সঙ্গে সহযোগিতার জন্য নাইজেরিয়ান সরকারকে ধন্যবাদ জানান তিনি।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নাইজেরিয়ায় এটিই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক অভিযান। এর আগে তিনি একাধিকবার মন্তব্য করেছিলেন যে, নাইজেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায় গুরুতর নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।
এই হামলাকে অনেকে সন্ত্রাস দমনে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখলেও সমালোচকদের মতে, এতে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ধর্মীয় উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।
সূত্র: আলজাজিরা, এএফপি








