‘নতুন বাংলাদেশ’ গড়তে পরনির্ভরতা নয়, বরং কঠোর পরিশ্রম ও আত্মনির্ভরতার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এই তাগিদ দেন।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন,
“প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে কোনো দাসত্ব নয়, আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যে পরনির্ভর অবস্থায় আছি, সেখান থেকে বেরিয়ে আসার বিকল্প নেই।”
তিনি জানান, আইসিটি খাতে কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে, কারণ তথ্যপ্রযুক্তি খাতেই ভবিষ্যতের বৃহৎ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সভায় ব্যাংকিং খাতের সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। শফিকুল আলম বলেন,
“বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের প্রভাবে ব্যাংকিং খাত এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই খাতকে সংস্কারে সরকার কাজ করছে।”
এছাড়া ভিসা জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ, সাইন্সভিত্তিক শিক্ষায় জোর দেয়া, এবং ইসলামি ক্যাটাগরির পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
প্রেস সচিব জানান,
“ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটাতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে দেশের নয়টি রেজিম কোম্পানি দ্রুত অবসায়নের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।”
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, অর্থনীতিবিদ, ও উন্নয়ন পরিকল্পনাবিদরা উপস্থিত ছিলেন।








