নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর এক দিনেরও কম সময়ের ব্যবধানে গাজীপুরের বাইপাইলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, এটি ক্ষুদ্র মাত্রার স্থানীয় ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল এলাকা।
এর আগে শুক্রবার সকালে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ঝাঁকুনি অনুভূত হয়। ওই ঘটনায় দুই শিশুসহ ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ঢাকার চারজন, নরসিংদীর পাঁচজন ও নারায়ণগঞ্জের একজন রয়েছেন।








