দিনাজপুরের খানসামা উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দুপুর ১টায় র্যাব-১৩ এই অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় খানসামা উপজেলার ২ নম্বর ভেরবেড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, ভেরবেড়ী আমরত শাহ গ্রামে জনৈক মো. আব্দুল মাজেদের (৫০) বসতবাড়িতে। বাড়ির রান্নাঘরের পশ্চিম পাশে থেকে উদ্ধার করা হয়েছে ৯.২৫০ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি।
গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুল মাজেদ (৫০) এবং মো. আলী আজম (৬৫), যারা দুজনেই দিনাজপুরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, পরস্পর যোগসাজশে মূল্যবান মূর্তিটি পাশের দেশে পাচারের চেষ্টা করছিলেন।
পরে জব্দ করা মূর্তিসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।








