কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, নিহতদের মধ্যে তিনজন বাসের যাত্রী এবং একজন মোটরসাইকেল চালক। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় বাসটির সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয় এবং অন্তত ৩০ জন আহত হন।
দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে বানিয়াপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দাউদকান্দি ইউনিট, দাউদকান্দি হাইওয়ে পুলিশ এবং কুমিল্লার সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে দুপুর দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।








