ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তথ্যে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দলটি ২৯০টি আসনে প্রার্থী দিয়েছিল।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। তাদের প্রার্থী ছিল ২২৭টি আসনে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সাংবাদিকদের কাছে এ তথ্য জানায়।
ভোটের হারে তৃতীয় অবস্থানে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৩২টি আসনে প্রার্থী দিয়ে দলটি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। এনসিপি জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে অংশ নিয়ে নির্বাচন করে।
গত তিন সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি (জাপা) ১৯৯টি আসনে প্রার্থী দিয়েছিল। লাঙ্গল প্রতীকে তাদের ভোটের হার ০ দশমিক ৮৯ শতাংশ।
এ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭টি আসনে প্রার্থী দেয়। হাতপাখা প্রতীকে তাদের ভোটের হার ২ দশমিক ৭০ শতাংশ।
১১-দলীয় জোটের আরেক শরিক বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ৩৪টি আসনে প্রার্থী দিয়ে পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ ভোট।
এ ছাড়া ১ শতাংশের কম ভোট পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফলে দেখা যায়, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও তিনটি আসন মিলিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা দাঁড়ায় ২১২। দীর্ঘ দেড় দশক পর এ ফলাফল দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।








