বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেছে। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন। তবে কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে—সে বিষয়ে এখনো দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দলীয় সূত্র জানিয়েছে, সামনে জাতীয় নির্বাচন থাকায় এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। সময়ের সঙ্গে সঙ্গে সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতির স্বার্থে চেয়ারম্যান পদে নেতৃত্বের বিষয়টি স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, খালেদা জিয়ার মৃত্যুর পর দলের ভেতরে বর্তমানে সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, লিফলেট ও ডিজিটাল পোস্টারে কার ছবি ব্যবহার করা হবে। বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করতে হবে বিএনপি নেতৃত্বকে।
দলীয় পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু সাংগঠনিক নয়, বরং আসন্ন নির্বাচনী কৌশলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।








