ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের চারজন আওয়ামীপন্থী শিক্ষকের বিরুদ্ধে কেন বহিষ্কার করা হবে না—এই মর্মে শোকজ নোটিশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে।
বহিষ্কারের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা হলেন: সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন ও অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার আয়োজিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের বিষয়ে সিনেটের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা দাবী করেন, শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হোক। এর মধ্যে রয়েছে—শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেল।
বিক্ষোভকারীরা প্রস্তাব দেন, শেখ মুজিবুর রহমান হলের নাম রাখা হোক ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হোক ‘বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’। এছাড়া তারা জুলাইয়ের অভ্যুত্থানের পর বিরোধিতাকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।








