পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, গত দুই দিনে ঢাকা কলেজের সাতজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে অগ্রসর হলে সায়েন্স ল্যাব এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পাল্টা জবাবে শিক্ষার্থীরাও ইট-পাটকেল ছোড়ে। পরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তেজনা রয়েছে এবং সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ। নিউমার্কেট থেকে মিরপুর অভিমুখেও যান চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংঘর্ষের পর পুলিশ ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। সে সময় উভয় কলেজের শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিলেন। তবে এক মাস না যেতেই সেই চুক্তি ভেঙে আবারও সহিংসতায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।








